করাপশন টক
রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

editor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে বালুমহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের বলেছিলাম, আমাকে ১২ তারিখ পর্যন্ত সময় দিন; ১৩ তারিখ থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় দেওয়া আমার সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’

গোয়াইনঘাটের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী মার্চ মাস থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু হবে। চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত চালু করা এবং নিয়মিত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। এ ছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং শহরের আদলে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের কাজ দ্রুত শুরু করার কথাও জানান তিনি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।