করাপশন টক
রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে -প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

editor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো। তিনি বলেন, স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেবো।

আজ ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচী হাতে নিয়েছি তাতে আমাদের প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে, আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়। এসময় তিনি বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। উপস্থিত সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।

প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব বলে আশা প্রকাশ করছি।

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানী প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের এই সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এটা একটা বর্ডার এলাকা, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা মোকাবিলা করতে সক্ষম হবো। এ অঞ্চলকে নদীভাঙণ হতে রক্ষা করতে জরুরি ভিত্তিতে যেখানে যা করা দরকার প্রয়োজন অনুযায়ী আমরা তাই করবো বলে পানি সম্পদ মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ের পূর্বে মন্ত্রীগণ সিলেটের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলার চলমান উন্নয়ন নিয়ে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।