করাপশন টক
বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

editor
মার্চ ৩, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও সম্মানিত কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইনে পরিণত করার ক্ষেত্রে এডভোকেসি পরিচালনার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন শক্তিশালীকরণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের আলোকে কমিশনের বিস্তৃত এখতিয়ার, উক্ত এখতিয়ার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এ সময় মাননীয় চেয়ারপার্সন ও কমিশনারগণ মানবাধিকার সংরক্ষণে কমিশনের বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।