সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা আজ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে পর্যটকের আগমন বাড়বে। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ভাঙা রাস্তা দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে হবে। একই সঙ্গে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি। সমস্যাগুলো চিহ্নিত করে কোথায় কোথায় কাজ করা প্রয়োজন তা দ্রুত নির্ধারণ করে ঈদের আগেই সমাধান করার আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, আগামী জুলাই মাসে সিলেট জেলায় একদিনে ২০ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সরকারি খাসজমিসহ সিলেটের ১৩টি উপজেলায় প্রতি উপজেলায় এক লাখের অধিক গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ থাকবে।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য নিয়মিত ঘরবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
সভায় জেলা প্রশাসক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে উদ্যোগ গ্রহণ, তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং চাষিদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেষ্ঠ চাষিদের পুরস্কৃত করার পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
