করাপশন টক
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাজসাজ রব

editor
মার্চ ১৫, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন। এজন্য নীলফামারীর সৈয়দপুরে সাজসাজ রব পড়েছে। তৈরি করা হয়েছে গেট ও তোরণ।

সোমবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী লাল-সবুজের বাসে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় অবস্থিত সাহাপাড়া খাল খনন কর্মসূচি স্থলে যাবেন। সেখানে ব্লাকবেঙ্গল ছাগল বিতরণ শেষে জনসভায় যোগ দেবেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৯টায় বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পোঁছবেন। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

আব্দুর গফুর সরকার বলেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে রাত ৮টা ১৫ মিনিটে পৌঁছে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য মিলেছে।

সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আকতার জানান, প্রধানমন্ত্রী আসছেন, তাই ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। আমরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানাব। প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি সড়ক পথে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করবেন।

তিনি বলেন, বিমানবন্দর সড়কের উভয় পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত দুই দিন ধরে গভীর রাত পর্যন্ত মিছিল-মিটিং চলছে শহরে। মাইকে প্রচারণাও চালানো হচ্ছে। সর্বস্তরের মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এজন্য সৈয়দপুর বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।