করাপশন টক
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায় আছে: অর্থমন্ত্রী

editor
মার্চ ১৬, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায় আছে। এর মধ্যে আবার যুদ্ধ লেগেছে। এতে এনার্জি ক্রাইসিস হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের নির্বাচিত করেছে- আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পারব।

সোমবার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বানাতলী জলদাসপাড়া এলাকার বামনসুন্দর খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে খাল খনন একটি বিশাল কর্মসূচির প্রস্তাব আছে। নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে যতগুলো ওয়াদা করেছি, তার একটার পর একটা বাস্তবায়ন কাজ চলছে। সমগ্র বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এবং আগামী ছয় মাসের মধ্যে এক হাজার দুইশ কিলোমিটার আমাদের সম্পন্ন করতে হবে। এখানে তিন কিলোমিটার আজকে আমরা শুরু করেছি। বাকিটা ক্রমান্বয়ে শেষ করতে পারব।

তিনি বলেন, বামনসুন্দর খালের কাজ পুরোপুরি শেষ হলে ১৫ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে এবং সেই জমিতে আরও ৫ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদিত হবে উল্লেখ করে অর্থমন্ত্রী, বুঝতেই পারছেন, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার কতটুকু উন্নয়ন হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তদুপরি পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা থেকে আমার মুক্তি পাব এবং এখানে সেচের কাজ হবে। সঙ্গে সঙ্গে মাছের চাষও হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে খালখনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।