অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (UNODC)-এর নির্বাহী পরিচালক John Brandolino।
আজ সোমরার স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এম-বিল্ডিং’-এর কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে UNODC-এর দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে UNODC-এর বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইন সংবলিত হ্যান্ডবুক তৈরিতে UNODC-এর ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রভাব ফেলেছে।
বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে UNODC-এর কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।
UNODC-এর নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি
