আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথের যাত্রীদের সুবিধার্থে রাজধানীর বছিলা এলাকায় নতুন লঞ্চঘাট চালু করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে এই লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান, এমপি। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বছিলা লঞ্চঘাট থেকে আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ছয়টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান, এমপি বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদের সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে সেখানে পৌঁছাতে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সদরঘাটের পাশাপাশি রাজধানীর বছিলা এলাকায় এই নতুন লঞ্চঘাট চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে যাত্রীদের ভিড় কিছুটা কমবে এবং যাতায়াত আরও সহজ হবে।
বছিলা লঞ্চঘাট উদ্বোধনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অনেক নৌযাত্রী সেখানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার, গাবতলীসহ আশপাশের এলাকার নৌপথের যাত্রীদের সুবিধার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান, অন্যান্য বছরের মতো এবারও কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে আরও জানানো হয়, যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে বছিলা লঞ্চঘাট থেকে লঞ্চের সংখ্যাও বৃদ্ধি করা হবে।
বিজ্ঞপ্তি
