করাপশন টক
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন সিসিকের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী

editor
মার্চ ১৭, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ঈদ অনুদান বিতরণ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার চালকদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এই অনুদান পেয়েছেন, যা একটি মানবিক উদ্যোগ। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রশংসা করে নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সিলেট একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে ভ্রমণে আসেন এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তাই সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।