করাপশন টক
বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষে প্রথমদিনে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

editor
মার্চ ২৪, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে মানুষ। ফলে অনেকেই এখনও ফেরেননি কর্মস্থলে। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অফিস করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকালে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ– সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭টা ৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশ নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।