ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই স্বাধীনতার মূলমন্ত্র। সরকারি কর্মচারীদের নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ।
বুধবার (২৫ মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মসচিব বলেন, একই ধরনের ভাষা, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত মিল থাকার পরও আমাদের জাতীয় ঐক্যে ঘাটতি রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছেন।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।
সভায় অন্যদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এমএ বারী প্রমুখ বক্তৃতা করেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আলেম-ওলামা অংশ নেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।
