করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান হামলা বন্ধ করলে কালই হরমুজ খুলবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

editor
মার্চ ২৭, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে আবার জ্বালানি চলাচল বাড়তে শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগেও কিছু অগ্রগতি হয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্সে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রুবিও জানান, কয়েকটি মধ্যস্থতাকারী দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে এবং কিছু অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, ‘প্রণালী দিয়ে এখন আগের চেয়ে বেশি জ্বালানি যাচ্ছে। যতটা যাওয়ার কথা ততটা না, তবে কিছুটা বেড়েছে। বার্তা বিনিময়ের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া এখনো চলমান এবং আমরা এটি মিডিয়ার সামনে আলোচনা করব না।’

রুবিও দাবি করেন, ‘ইরান যদি বিশ্ব জাহাজ চলাচলে হুমকি দেওয়া বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী আগামীকালই খুলে যেতে পারে। আন্তর্জাতিক আইন নিয়ে যারা কথা বলে, তাদের এ বিষয়ে কিছু করা উচিত।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের খুব অল্প জ্বালানি হরমুজ প্রণালীর ওপর নির্ভর করে। বরং বিশ্বের অনেক দেশ এ পথের ওপর নির্ভরশীল, তাই তাদেরই বেশি উদ্যোগ নেওয়া উচিত।

রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে কি না—এ প্রশ্নে রুবিও বলেন, মস্কো এখন মূলত ইউক্রেন যুদ্ধ নিয়েই ব্যস্ত। শুক্রবার ফ্রান্সে জি-৭ বৈঠকে রুবিওর মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে ফেব্রুয়ারির শেষ থেকে হরমুজ প্রণালীতে বড় ধরনের সংকট তৈরি হয়। এর ফলে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহে প্রভাব পড়ে এবং তেলের দাম দ্রুত বেড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।