করাপশন টক
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নিলেন আহসান হাবীব

editor
মার্চ ২৮, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আহসান হাবীব পলাশ।

শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন আহসান হাবীব। পরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করা আহসান হাবীব দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এছাড়া রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত-সংক্রান্ত কাজে দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন আহসান হাবীব।

আন্তর্জাতিক পর্যায়েও আহসান হাবীবের রয়েছে অভিজ্ঞতা। তিনি কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ আহসান হাবীব বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) অর্জন করেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।