জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
শহীদ মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মুগ্ধর পিতার সার্বিক চিকিৎসার তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনিস্টিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ, অপু দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা করছে। সূত্র: যুগান্তর।
