করাপশন টক
বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: ড. মোশাররফ

editor
মার্চ ৫, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য দাউদকান্দি উপজেলার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভার শুরুতে দাউদকান্দির ইউএনও এবং সরকারি কর্মকর্তাগণ নবনির্বাচিত এমপি ড.খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

ড. মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোন প্রকার শৈথিল্য প্রদর্শন কিংবা অনিয়ম কিছুতেই সহ্য করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। এই বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধী তো অপরাধীই। তার কোন রাজনৈতিক পরিচয় নেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।

ড. মোশাররফ গত ১৬ দিনের প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম ও গণমুখী ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ইনশাআল্লাহ, তারেক রহমানের হাত ধরেই আগামি দিনে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।

তিনি বলেন, জনগণের সহযোগিতা এবং সর্বোপরি আপনাদের ত্যাগ ও পরিশ্রমে আগামি ৫ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই জাতির স্বপ্ন পূরণ হবে।

নবনির্বাচিত এমপি ড.মোশাররফ বলেন, দেশের মানুষ বিএনপির উপর বেশি ভরসা করে। সে বিশ্বাস থেকেই জনগণ বিপুল ভোটে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরাও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। অতীতেও বিএনপি ক্ষমতায় থাকাকালে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে।

বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনি ইশতেহার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার অনন্য দলিল। তিনি (তারেক রহমান) ইশতেহার ঘোষণাকালে রাষ্ট্র ও জনকল্যাণে যেসব বিষয় উপস্থাপন করেছেন, এইগুলোর মধ্যে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ই- হেলথ কার্ড চালু, সেচ সুবিধার জন্য খাল খনন, বৃক্ষরোপণ, দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রম অন্যতম। এইসব কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সরকারের গৃহীত এইসব কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য।

ড.খন্দকার মোশাররফ হোসেন প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।