করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিজেপি নেতার বক্তব্যে কঠোর প্রতিবাদ জানালেন জামায়াত সেক্রেটারি

editor
মার্চ ৩০, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করতে সম্প্রতি একটি বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য। সেটিকে উগ্র মানসিকতার নির্লজ্জ প্রকাশ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক মন্তব্য করেছেন। আমরা তার বাংলাদেশের অখণ্ডতাবিরোধী এবং উগ্র ও অগ্রহণযোগ্য মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি এ ধরনের বক্তব্য দিয়ে আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের মূলে কুঠারাঘাত করেছেন। এতে তার উগ্র মানসিকতার নির্লজ্জ প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি।

জামায়াত সেক্রেটারি বলেন, বাংলাদেশ সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, ভারতীয় স্যাটেলাইটের পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানি ছড়ানোর কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ। আমরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছি যে, এসব প্রক্রিয়া বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে।

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনোরকম হস্তক্ষেপকে বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আমরা আশা করছি বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে কোনো দ্বিধা করবে না।

বিজেপি নেতাকে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের রাজনৈতিক নেতৃত্বকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তার এই উগ্র মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
সূত্র:যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।