করাপশন টক
মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রানার চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে

editor
মার্চ ২৪, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি।

এ লক্ষ্যে রানার অটোমোবাইলস বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও উৎপাদন চুক্তি করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় রানার অটোমোবাইলস জানায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা করা হয়।

ঘোষণায় বলা হয়েছে, এ অংশীদারিত্ব দেশের অটোমোবাইল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিওয়াইডির খ্যাতি বিবেচনা করে, পরিচালনা পর্ষদ এ কৌশলগত অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী।

এ ঘোষণার পর শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, রানার অটোমোবাইলসের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ টাকা ১০ পয়সা।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে বিওয়াইডি। সে সময় থেকে কোম্পানিটির পরিবেশক হিসেবে কাজ করছে সিজি–রানার বাংলাদেশ লিমিটেড, যা রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান। সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।