এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১১ এপ্রিল ২০২৬ সিলেট ক্রীড়া কমপ্লেক্স অডিটোরিয়ামে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ১১ এপ্রিল ২০২৬ সিলেট ক্রীড়া কমপ্লেক্স অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, এসএমই ফাউন্ডেশন চেয়ারপার্সন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, এমএসএমই খাত দেশের অর্থনীতির আসল চালিকাশক্তি। সরকার নীতি সহায়তা দিতে পারে, কিন্তু বাস্তব পরিবর্তন আসে এমএসএমই উদ্যোক্তাদের হাত ধরেই। এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি প্ল্যাটফর্ম। এখানে উদ্যোক্তাগণ নিজেদের পণ্য প্রদর্শন, নতুন ক্রেতার সাথে সংযোগ স্থাপন এবং ভবিষ্যতের ব্যবসার পথ তৈরি করতে পারছেন। আমি আশা করি, সিলেট অঞ্চলের উদ্যোক্তাগণ এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন এবং ভবিষ্যতে এই অঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্পকেন্দ্রে পরিণত হবে। এসএমই ফাউন্ডেশন চেয়ারপার্সন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬ শীঘ্রই চূড়ান্ত করা হবে, যেখানে এই খাতের উন্নয়নে সরকারের সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে। এই নীতিমালার রূপকল্প হলো, ‘বৈষম্যহীন টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষমতায়ন’। নীতিমালায় ২০৩০ সালের মধ্যে জাতীয় আয়ে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে অর্থ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি, বাজারে প্রবেশের সুবিধা, প্রযুক্তি ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নারী-উদ্যোক্তাদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের উদ্দেশ্য:
১. ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ;
২. এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা;
৩. এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং
৪. পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।
মেলায় প্রায় ৬০টি স্টলে উদ্যোক্তাগণ দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ইমিটেশন ও জুয়েলারি, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। কোন বিদেশী/আমদানীকৃত পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা যাবেনা। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
