বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য। ২০২৩ সালে সুপাস্টার শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সম্প্রতি ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে এক জমকালো আয়োজনে সংগীত পরিচালক রাগ শেঠিকে বিয়ে করেন তিনি।
জানা যায়, সোমবার (২৩ মার্চ) সাত পাকে বাঁধা পড়েন সঞ্জীতা ও রাগ। মেহেদি, সংগীত, গায়ে হলুদ, বিয়ে সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকারা, পাত্র-পাত্রীর দুই পক্ষের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনরা।
বিয়ের দিন সঞ্জীতা বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ-লাল বেনারসি শাড়ি, অফ-শোল্ডার ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ এবং মাথায় শোলার মুকুট। এই লুকে তিনি যেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেল উপস্থাপন করেন।
অন্যদিকে বর সেজেছিলেন সোনালি রংয়ের শেরওয়ানি, লাল ওড়না ও পাগড়িতে। বর-কনের পোশাকের রংয়ে মিল থাকায় এ সাজ আমন্ত্রিত অতিথিদের বিশেষ নজর কেড়েছিল।
বিয়েতে নিজের বাঙালিয়ানা সাজ প্রসঙ্গে সঞ্জীতা ভট্টাচার্য বলেন, ‘আমার অনেক বন্ধু রয়েছে, যারা বাঙালি। কিন্তু একেবারেই বাংলা বলতে পারে না। আমি আসলে একজন প্রবাসী বাঙালি। আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই আমাদের বাড়িতে বাঙালি-ঘটি মিশ্রণের মধ্যে বাঙালিত্বটাই বেশি প্রাধান্য পায়।’
এর আগে ২০২৫ সালের ১০ আগস্ট রাগ শেঠির সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী-গায়িকা সঞ্জীতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম-সবকিছুই দ্রুত এগিয়েছে। গত বছরই উদয়পুরে রাগ তাকে বিয়ের প্রস্তাব দেন।
‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী বিদেশে বড় হলেও পরিবারের কাছ থেকেই বাংলা ভাষা শিখেছেন।
