গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির সরাসরি সেবাগ্রহীতা প্রায় ৪৬ হাজারের বেশি উদ্যোক্তা: দেশের এসএমই খাতের উন্নয়নে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এই খাতে বাজেটে নিয়মিত অর্থ বরাদ্দের দাবি উদ্যোক্তাদের
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সরাসরি সেবাগ্রহীতা ৪৬ হাজারের বেশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ৩০ মার্চ ২০২৬, সোমবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনে ২০তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং শিল্পসচিব মো. ওবায়দুর রহমান জানান, ২০২৪-২৫ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির সরাসরি সেবাগ্রহীতা ৪৬ হাজার ৪৫৯জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে পুরুষ ২৩ হাজার ৫৫০জন এবং নারী ২২ হাজার ৮৩৯জন এবং তৃতীয় লিঙ্গের ৭০জন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। এসএমই ফাউন্ডেশনের ২০তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে ২০২৪-২৫ অর্থবছরের বাস্তবায়িত কর্মসূচির ওপর বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে ৬৫৬টি কর্মসূচি বাস্তবায়ন করে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্বল্প সুদে প্রায় সাড়ে ৩ হাজার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মাঝে ৩৭৩ কোটি টাকা ঋণ বিতরণ, সিলেট, বগুড়া, বরিশাল ও রংপুরে বিভাগীয় এসএমই পণ্য মেলা আয়োজন, চীনের কুনমিং, সাংহাই, তুরস্কের ইস্তাম্বুল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আন্তর্জাতিক মেলায় এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, পরিবেশ মেলা, এবং বিজয় মেলা ২০২৪-এ ফাউন্ডেশনের সহযোগিতায় উদ্যোক্তাদের অংশগ্রহণ, পণ্য প্রদর্শন ও বিক্রয়, ফাউন্ডেশনের প্রকাশনা ও সেবা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে অমর একুশে বইমেলা ২০২৫-এ অংশগ্রহণ, এসএমই খাতের উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে ১৪১টি প্রস্তাব উপস্থাপন, এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৯টি প্রতিষ্ঠানের আইএসও ২২০০০ অর্জন, এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন এবং ক্লাস্টারে তৈরি পণ্য প্রদর্শনী আয়োজন, এসএমই উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় ও উন্মুক্ত ঋণ বিতরণ কর্মসূচি, ফাইন্যান্সিয়াল লিটারেসি কর্মশালা আয়োজন, ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় ও ঋণ ম্যাচমেকিং কর্মসূচি, ফাউন্ডেশনের সেবাপ্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে অনলাইনে নিবন্ধনের জন্য এসএমইএফ সার্ভিস প্ল্যাটফর্ম’ চালু, নারী-উদ্যোক্তাদের জন্য ‘বিজনেস পিচ কম্পিটিশন’আয়োজন করে বিজয়ী ৩জন উদ্যোক্তার মাঝে ১২ হাজার ডলার সমমূল্যের পুরস্কার বিতরণ, কর্পোরেট ক্রেতাদের সাথে নারী-উদ্যোক্তাদের পরিচিত করতে ম্যাচমেকিং ও পণ্য প্রদর্শনী আয়োজন, এসএমই খাতের উন্নয়নে ফাউন্ডেশনের ৫ বছর মেয়াদী কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ, এসএমই বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য প্রথমবারের মতো গণমাধ্যম প্রতিনিধিদের এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান, গণমাধ্যমকর্মীদের নিয়ে ৫টি এসএমই ক্লাস্টার পরিদর্শন এবং পরবর্তীতে ক্লাস্টারসমূহের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে প্রতিবেদন ও প্রকাশ ও প্রচার, আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৫ উদযাপন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৪৩টি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন, ৪টি ত্রৈমাসিক নিউজলেটার প্রকাশ এবং এসএমই চেম্বার/অ্যাসোসিয়েশন, এসএমই ক্লাস্টারভিত্তিক উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে মতবিনিময় সভা, সেমিনার ও ওয়েবিনার আয়োজন, সমঝোতা স্মারক স্বাক্ষরসহ ৬৫৬টি কর্মসূচি বাস্তবায়ন।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। পরিচালক পর্ষদের প্রতিবেদনের ওপর মতামত ও সুপারিশ প্রদান করেন সাধারণ পর্ষদের সদস্যগণ।
