করাপশন টক
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা নাইট রাইডার্স দুঃসংবাদ পেল

editor
মার্চ ১৭, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই দলের পেস আক্রমণেই দেখা দিয়েছে বড় সমস্যা। চোটের কারণে দলের অন্যতম পেসার হর্ষিত রানা এবারের আইপিএলের বড় একটি অংশ খেলতে পারবেন না।

ইএসপিএনক্রিকইনফো-র তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান রানা। পরে তার অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি।

চোটের কারণে যদি পুরো আইপিএলই হর্ষিত মিস করেন, তাহলে এটি হবে টানা দ্বিতীয় বড় টুর্নামেন্ট যেখানে তিনি খেলতে পারবেন না। এর আগে একই চোটের জন্য তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত সেই আসরে শিরোপা জেতে ভারত।

প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করার পরই ডান হাঁটুর লিগামেন্টে সমস্যা অনুভব করেন রানা। এরপর তাকে স্কোয়াড থেকে সরিয়ে তার জায়গায় নেওয়া হয় মোহাম্মদ সিরাজকে। সিরাজ টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেন, যা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ।

অন্যদিকে মোস্তাফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। এ জন্য তিনি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে করা চুক্তিও বাতিল করেছেন।

বর্তমানে কেকেআরের পেস বিভাগে রয়েছেন মাতিশা পাথিরানা, বৈভব অরোরা, আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও রামানদীপ সিং।

তবে পাথিরানার ফিটনেস নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়ে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। যদিও তখন ধারণা করা হয়েছিল, আইপিএলে তার খেলা নিয়ে বড় কোনো সমস্যা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।