করাপশন টক
বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

editor
এপ্রিল ১, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দেশের খেলাধুলাকে সুসংগঠিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার একটি সমন্বিত ক্রীড়া কাঠামো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে জাতীয় ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আজ (বুধবার) সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ধাপে ধাপে প্রায় পাঁচশো সম্ভাবনাময় খেলোয়াড়কে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্যে এনে তাদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।

তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের অধিকাংশ খেলোয়াড় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নির্দেশনায় ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিয়ে সারাদেশে খেলাধুলার বিস্তার ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে খেলোয়াড়দের ভাতা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালু করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি ক্রীড়া সংগঠক, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।