করাপশন টক
রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে

editor
মার্চ ২২, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। এর আগে তার চেয়ে কম বয়সে নারী-পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির নজির ছিল না। কেবল তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী কয়েকটি ইতিহাস গড়েছেন।

এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কারও সেঞ্চুরির কোনও কীর্তি ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের। তাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রথম নারী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ১১১ রান করলেন উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি এমন ঝড় তোলেন।

ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি মেরেছেন রুয়ান্ডার এই ব্যাটার। যাতে ভর করে তার দল ৩ উইকেটে ২১০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয় ঘানা। ফলে রুয়ান্ডা ১২২ রানের জয় পায়। তাদের পক্ষে বোলার বেলিসে মুরেকাতেতে’র তিন উইকেট শিকার করেন। এ ছাড়া তিন ব্যাটার রানআউট হয় ঘানার।

এতদিন পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ার‌ল্যান্ডের অ্যামি হান্টারের দখলে। নিজের ১৬তম জন্মদিনে ২০২১ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রানের ইনিংস খেলেছিলেন। তার সেই রেকর্ড কেড়ে নিলেন উতাগুশিমানিন্দে। মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর। ১৬ বছর ২৩৩ দিন বয়সে তিনি ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেন।

অন্যদিকে, ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন ১৬ বছর ২১৭ দিন বয়সে। সেদিন মাত্র ৩৭ বলে ম্যাজিক ফিগার ছুঁয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গিয়েছিলেন। সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল দীর্ঘ সময়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।