করাপশন টক
বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ

editor
এপ্রিল ১, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার কর্তৃপক্ষ দেশটির ফুটবল পরিচালনাকারী সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাদের সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা কর সংক্রান্ত অনিয়মে জড়িত। বিষয়টি জানিয়েছে বেইন স্পোর্টস।

বিচারিক তদন্তের অংশ হিসেবে এএফএ-কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। বিচারক দিয়েগো আমারান্তে তার রায়ে ৩৫০ মিলিয়ন পেসো জব্দের নির্দেশ দেন। রায়ে উল্লেখ করা হয়, কর ফাঁকি এবং সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতেই এই তদন্ত চলছে।

এই তদন্তের সূচনা হয় জেনারেল ট্যাক্স ডিরেক্টরেটের করা অভিযোগ থেকে। মামলার নথিতে বলা হয়েছে, গত দুই বছরে ১৯ বিলিয়ন পেসোরও বেশি বকেয়া কর পরিশোধ করা হয়নি।

তবে ক্লাউদিও তাপিয়া আদালতে লিখিত জবাবে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তদন্তে উল্লেখিত বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না।

অন্যদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা নিয়ম মেনে কর সংক্রান্ত সব নথি জমা দিয়েছে এবং পরবর্তীতে প্রযোজ্য সুদসহ বকেয়া অর্থ পরিশোধ করেছে। তাদের মতে, কর কর্তৃপক্ষ কোনো অতিরিক্ত জরিমানাও আরোপ করেনি।

এদিকে, অভিযোগ ও সম্পদ জব্দের পাশাপাশি আগের নিষেধাজ্ঞাগুলোও বহাল রয়েছে। এর মধ্যে তাপিয়া ও তোভিগিনোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।