২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে আয়োজকরা। সোমবার (৩০ মার্চ) জানানো হয়েছে, সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। এর আগে লস অ্যাঞ্জেলেস এবং ওকলাহোমা সিটির স্থানীয় বাসিন্দাদের জন্য ২ এপ্রিল থেকে প্রি-সেল চালু হবে।
আয়োজক সংস্থা ‘এলএ২৮ অর্গানাইজিং কমিটি’ জানিয়েছে, যারা টিকিটের ড্রয়ের জন্য আগে নিবন্ধন করেছেন, তারা ৩১ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
এদিকে স্থানীয় নিবন্ধিত বাসিন্দারা ৩১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে তাদের প্রি-সেল সংক্রান্ত সময়সূচির ইমেইল পাবেন। এরপর ৭ এপ্রিল, অন্যান্য নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা ব্যক্তিদের প্রথম ধাপে টিকিট কেনার নির্দিষ্ট সময় জানানো হবে।
টিকিটগুলো বিভিন্ন মূল্যশ্রেণিতে বিক্রি হবে এবং আসন নির্ধারণ করা হবে গেমস শুরুর কাছাকাছি সময়ে। নির্বাচিত ক্রেতারা অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের জন্য সর্বোচ্চ ১২টি টিকিট এবং ফুটবল ম্যাচের জন্য আরও ১২টি টিকিট কিনতে পারবেন। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের ক্ষেত্রে একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন, যা মোট টিকিট সীমার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
