করাপশন টক
মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

editor
মার্চ ২, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মার্কিন একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েতে বিধ্বস্ত ওই যুদ্ধবিমান দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৫ই যুদ্ধবিমান। অন্য একটি ভিডিওতে এক পাইলটকে প্যারাশুট দিয়ে মাটিতে নামতে দেখা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান হামলার মধ্যেই কুয়েতে কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে। ইরানের ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত দেশটির ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে রোববার ফক্স নিউজকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবস্থান থেকে মার্কিন সামরিক বাহিনী এসব হামলা পরিচালনা করছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় বন্ধুপ্রতিম মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হচ্ছে এবং যৌথ কারিগরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

তবে বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর এসব বিমান ঠিক কোথা থেকে আসছিল কিংবা কোথায় যাচ্ছিল তা স্পষ্ট করা হয়নি। তবে এসব বিমান ইরাক সীমান্ত থেকে মাত্র ২৩ মাইল দূরে অবস্থিত কুয়েতের ‘আলী আল সালেম’ বিমানঘাঁটি থেকে ওই সব বিমান উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে।

সিএনএন বলেছে, ভিডিওর ভূ-অবস্থান অনুযায়ী দুর্ঘটনাটি ওই ঘাঁটি থেকে মাত্র ৬ মাইল দূরে ঘটেছে। এই ঘাঁটিতে মার্কিন বাহিনীর ৩৮৬তম এয়ার এক্সপেডিশনারি উইং স্থায়ীভাবে মোতায়েন রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।