করাপশন টক
শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান বাধ্য করেছিল, পাকিস্তানি এক ব্যবসায়ীর দাবী

editor
মার্চ ৬, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত এক পাকিস্তানি নাগরিক আদালতে দাবি করেছেন, তিনি স্বেচ্ছায় এই পরিকল্পনায় জড়াননি। বরং ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) তাকে এতে বাধ্য করেছিল।

বুধবার (৪ মার্চ) আদালতে জুরিদের সামনে দেওয়া বক্তব্যে আসিফ মার্চেন্ট নামের ওই ব্যক্তি বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজে অংশ নিতে চাননি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি আদালতকে জানান, তেহরানে থাকা তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি এতে জড়িয়ে পড়েন।

তবে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা তার এই দাবি নাকচ করেছেন। তাদের বক্তব্য, মার্চেন্টের দাবি সমর্থনের মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

২০২৪ সালে মামলার বিচারকের কাছে পাঠানো এক চিঠিতেও প্রসিকিউটররা বলেছেন, জোরপূর্বক বা বাধ্য করার প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, আসিফ মার্চেন্ট যুক্তরাষ্ট্রে কয়েকজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন। তাদের মাধ্যমে ট্রাম্পসহ কয়েকজন মার্কিন রাজনীতিককে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। বলা হয়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই পরিকল্পনা করা হয়।

মার্চেন্ট আদালতে বলেন, তাকে নির্দিষ্ট কাউকে হত্যার সরাসরি নির্দেশ দেওয়া হয়নি। তবে তেহরানে কথোপকথনের সময় তার ইরানি যোগাযোগকারী তিনজন মার্কিন রাজনীতিকের নাম উল্লেখ করেছিলেন। তারা হলেন—ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ২০২৪ সালের রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি।

এ বিষয়ে মার্চেন্টের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউস থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত সপ্তাহে এই মামলার বিচার শুরু হয়। ঠিক তার কয়েকদিন পরই ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথ হামলার নির্দেশ দেন বলে খবর প্রকাশিত হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রবিবার (১ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রের আশঙ্কা ছিল। সে প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, সে আমাকে আঘাত করার আগেই আমি তাকে আঘাত করেছি।

তবে ইরান ট্রাম্প বা অন্য মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার অভিযোগ সবসময়ই অস্বীকার করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।