করাপশন টক
রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কয়েকজন’ মার্কিন সেনা আটকের দাবি ইরানের

editor
মার্চ ৮, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করার দাবি করেছে ইরান, তবে ওয়াশিংটন এই দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

শনিবার (৭ মার্চ) ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে দাবি করেন যে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দি করা হয়েছে। লারিজানি অভিযোগ করেন, ওয়াশিংটন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, মার্কিন প্রশাসন দাবি করছে ওই সেনারা সরাসরি যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু আসলে তারা বন্দি অবস্থায় আছেন। সত্য খুব বেশিদিন গোপন রাখা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের এই চাঞ্চল্যকর দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর একজন মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ইরানের এই দাবিকে দেশটির শাসকগোষ্ঠীর ‘মিথ্যাচার ও প্রতারণার’ আরও একটি উদাহরণ হিসেবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি দেড় শতাধিক স্কুলছাত্রীসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন।

এই ঘটনার পর থেকেই ইরান ও তার মিত্ররা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলকে এক ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।