ইরানের ওপর গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সরাসরি উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে ইসলামি প্রজাতন্ত্র।
সংঘাতের ১৬তম দিনে রোববার (১৫ মার্চ) ব্যাপক হামলা ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বেজেছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
সৌদি কর্তৃপক্ষ রোববার (১৫ মার্চ) জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
ইরান পুনরায় উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের নৈশকালীন হামলা শুরু করার পর এই ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পৃথক পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিন্স সুলতান এয়ার বেস অবস্থিত আল-খারজ এলাকায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশে, যেখানে বড় বড় তেল শোধনাগার অবস্থিত। এছাড়া কিছু ড্রোন রিয়াদ অঞ্চলেও ভূপাতিত করা হয়েছে।
ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নৈশকালীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণ অভিযানের অংশ ছিল এই হামলাগুলো। দিনের বেলা কয়েক ঘণ্টা শান্ত থাকার পর প্রতি সন্ধ্যায় পুনরায় হামলা চালানোর একটি নির্দিষ্ট ধরন লক্ষ্য করা গেছে।
এই সহিংসতার প্রভাব সৌদির সীমানা ছাড়িয়ে অন্য দেশেও বিস্তৃত হয়েছে।
রোববার ভোরে বাহরাইনের রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের আলো দেখা গেছে। বাহরাইন কর্তৃপক্ষ জানায়, ইরানের এই অভিযান শুরু হওয়ার পর থেকে তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এই হামলায় বাহরাইনে ২ জন এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।
কুয়েতে ন্যাশনাল গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদেল রোববার (১৫ মার্চ) ভোরে জানান, গত ২৪ ঘণ্টায় দেশটির প্রতিরক্ষা বাহিনী ৫টি ড্রোন ভূপাতিত করেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শনিবার রাতে ড্রোন হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির মোকাবিলা করছে। শনিবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন প্রতিহত করেছে।
দুবাই মিডিয়া অফিস এক্সে পোস্ট করে জানায়, মেরিনা ও আল-সুফুহ এলাকায় শোনা শব্দগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রতিরোধের ফলাফল ছিল। ইরান সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রধান বন্দর খালি করার আহ্বান জানিয়েছে এবং এই প্রথমবারের মতো কোনো প্রতিবেশী দেশের অ-মার্কিন (বেসামরিক) স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে জানায়, হামলার শুরু থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ২৯৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০০টি ড্রোন প্রতিহত করেছে। এই সংঘাতের কারণে দেশটিতে এ পর্যন্ত ছয়জন প্রাণ হারিয়েছেন।
