করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও

editor
মার্চ ২০, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশে এক বার্তায় বলেছেন, জাতীয় ঐক্যই শত্রুকে পিছু হটতে বাধ্য করবে। একই সঙ্গে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি।

খামেনি বলেছেন, ইরানের জনগণ একই সঙ্গে রোজা রাখা ও ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার মাধ্যমে অদম্য মনোবল দেখিয়েছে। তার দাবি, এর ফলে শত্রু এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে।

তিনি অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার অপচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখা ও শক্তিশালী করার উপর জোর দেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান মধ্যস্থতা করতে রাজি বলেও জানান খামেনি। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপ সহজ করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি ইরানের বাহ্যিক শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ইরানি জনগণের ঐক্যই এই শক্তিগুলোর উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ করে দেবে। সমষ্টিগত শক্তি ও জনগণের সংহতিই শেষ পর্যন্ত শত্রুর পরিকল্পনার পরাজয় নিশ্চিত করবে বলে তিনি মনে করেন।

খামেনি আরও বলেন, ইরানি সমাজের ভেতরের ঐক্য বাহ্যিক চাপ মোকাবেলায় নির্ধারক ভূমিকা রাখছে এবং এই অভ্যন্তরীণ সংহতি আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জে ইরানের প্রতিক্রিয়াকে সামনে থেকে পরিচালিত করতে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।