করাপশন টক
বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন জোটে হুমায়ুন ও ওয়াইসি, ২০টি যৌথ সভার ঘোষণা

editor
মার্চ ২৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বুধবার মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীর এবং আসাদউদ্দিন ওয়াইসি এর নেতৃত্বে দুটি শক্তির মধ্যে জোটের ছবি সামনে এলে কলকাতায় যৌথ সাংবাদিক বৈঠকে এই বার্তা স্পষ্ট করেন দুই নেতা।

মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছান ওয়াইসি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান হুমায়ুন কবির। পরে রাতেই দুই পক্ষের মধ্যে প্রার্থিতালিকা ও আসন সমঝোতা নিয়ে বৈঠক হয়।

সূত্রের খবর অনুযায়ী, অধিকাংশ আসনে সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে, দুই-একটি আসন নিয়ে আলোচনা চলছে। বুধবার সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর পাশে বসা ওয়াইসিকে বড় ভাই বলে উল্লেখ করেন। তিনি বলেন, অনেক বাধা প্রতিকূলতার মধ্যেও এই জোট গড়ে উঠেছে। অনেকেই এই জোট ভাঙার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

ওয়াইসি তার বক্তব্যে সংখ্যালঘু রাজনীতির প্রশ্ন তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে এবং দেশে সংখ্যালঘু মানুষের নিজস্ব নেতৃত্ব না থাকলে তাদের উন্নয়ন সম্ভব নয়। তিনি মনে করেন, এই জোট সেই পথকে আরও শক্তিশালী করবে। তবে কতগুলো আসনে প্রার্থী দেওয়া হবে তা স্পষ্ট করেননি, তিনি বলেন তারা বেশি আসন চান না। বরং সঙ্গী দলের পাশে দাঁড়ানোই প্রধান লক্ষ্য।

হুমায়ুন কবীর জানান, নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ২০টি যৌথ সভা করা হবে। এই সভাগুলোতে ওয়াইসি উপস্থিত থাকবেন। প্রথম সভা হবে ১ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুরে, শেষ সভা করার পরিকল্পনা রয়েছে কলকাতায়।

গত রোববার হুমায়ুন কবীর তার দলের প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করেন। সেখানে ১৪৯ জনের নাম রয়েছ। নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে। তিনি নিজে রেজিনগর ও নওদা থেকে লড়বেন। তিনি আরও জানান, খুব শিগগিরই আসন সমঝোতা সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট সংখ্যালঘু ভোটের সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।