করাপশন টক
বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে যে কারণে এখন তেল-গ্যাসের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে পানি

editor
মার্চ ২৬, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

এই মাসের শুরুতে বাহরাইনে একটি পানি শোধনাগারে ড্রোন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ পানির প্রধান উৎস হিসেবে ডিস্যালিনেশন বা লবণমুক্তকরণ প্রযুক্তির উপর নির্ভর করে। এই নির্ভরতা আগে থেকেই ছিল, তবে এখন যেকোনো বিঘ্নের প্রভাব পুরো অর্থনীতিতে কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেটা নতুন আতঙ্কের বিষয় হয়ে উঠেছে।

মুডিজের সাম্প্রতিক এক প্রতিবেদনে ডিস্যালিনেশনের উপর নির্ভরতাকে ‘একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

উপসাগরীয় দেশগুলোতে ডিস্যালিনেশন কোনো বিকল্প ব্যবস্থা নয়, এটাই পানির মূল উৎস। মুডিজ জানিয়েছে, জিসিসি দেশগুলো তাদের পানযোগ্য পানির বেশিরভাগই ডিস্যালিনেশন থেকে পায়। কুয়েত তাদের পানীয় জলের প্রায় ৯০ শতাংশের জন্য এই ব্যবস্থার উপর নির্ভরশীল। সৌদি আরব ও ওমানও ব্যাপকভাবে নির্ভরশীল।

উপকূলবর্তী এলাকায় এই প্ল্যান্টগুলোর কেন্দ্রীভূত অবস্থান দক্ষতার জন্য সুবিধাজনক হলেও একটি স্পষ্ট দুর্বলতা তৈরি করেছে। মুডিজের ভাষায়, ‘তাদের বেশিরভাগ পানি উৎপাদন উপকূলীয় প্ল্যান্টে কেন্দ্রীভূত এবং বড় পরিসরে তাৎক্ষণিক বিকল্প খুবই সীমিত।’

সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আর কাগজে-কলমে নেই। বাহরাইনে হামলা দেখিয়ে দিয়েছে এই অবকাঠামো কতটা উন্মুক্ত। ইরান উপসাগরীয় দেশগুলোর ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছে।

কিছু দেশে মাত্র এক সপ্তাহের পানির মজুদ রয়েছে। দীর্ঘমেয়াদি সংকট হলে পরিবার, হাসপাতাল ও শিল্পপ্রতিষ্ঠান দ্রুত ক্ষতিগ্রস্ত হবে।

এই ঝুঁকি শুধু পানি সরবরাহেই থামে না। ডিস্যালিনেশনে বিদ্যুৎ লাগে, আবার বিদ্যুৎ প্ল্যান্ট ও কারখানায় পানি লাগে। মুডিজ এই পারস্পরিক নির্ভরতা ব্যাখ্যা করে বলেছে, ‘পানি উৎপাদন চালাতে বিদ্যুৎ লাগে, আর বিদ্যুৎ ও শিল্প চালাতে পানি লাগে।’ এতে একটি শৃঙ্খলপ্রতিক্রিয়া তৈরি হয়।

ঝুঁকির মাত্রা সব দেশে সমান নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের শক্ত আর্থিক সক্ষমতা রয়েছে। অন্যরা বেশি ঝুঁকিতে। মুডিজ বলেছে, বাহরাইনের ‘অত্যন্ত দুর্বল সরকারি অর্থ-ব্যবস্থা দীর্ঘস্থায়ী বিঘ্নের প্রতি এর সংবেদনশীলতা বাড়ায়।’

পুরো চিত্রটি স্পষ্ট। উপসাগলীয় অঞ্চলে পানি এখন আর শুধু সরবরাহের বিষয় নয়। এটি জ্বালানি, শিল্প ও জনসেবার কেন্দ্রে অবস্থান করছে। যেকোনো বিঘ্ন পুরো অঞ্চলে ‘ক্যাসকেডিং ক্রেডিট প্রভাব’ তৈরি করতে পারে বলে মুডিজ সতর্ক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।