করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইনপ্রণেতাদের বৈঠক, যে আলোচনা হলো

editor
মার্চ ২৭, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে ক্রেমলিন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একজন প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কংগ্রেস সদস্য আনা পাওলিনা লুনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, রাশিয়ার পার্লামেন্টের (ডুমা) পাঁচ সদস্যের প্রতিনিধি দল একটি দ্বিদলীয় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শান্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক পরাশক্তির প্রতিনিধি হিসেবে আমাদের নাগরিকদের প্রতি দায়বদ্ধতা হলো— খোলামেলা সংলাপ, মতবিনিময় এবং যোগাযোগের পথ উন্মুক্ত রাখা।

তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংলাপ অব্যাহত থাকবে।

লুনার ওই পোস্টে তার এবং অন্যান্য সহকর্মীদের সাথে রুশ প্রতিনিধি দলের ছবি প্রকাশ করা হয়। ওই ছবি ওয়াশিংটনে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস-এর সদর দপ্তরে তাদের বৈঠকের সময় তোলা হয়েছে। ভবনটির নাম সম্প্রতি ট্রাম্পের নামে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি পোস্টে রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ এই বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ অভিহিত করেছেন।

বৈঠকটি এমন এক সময়ে হয়েছে, যখন ইউক্রেনের যুদ্ধ শেষ করার একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪ মাস আগে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে কয়েক দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। কারণ, ক্রেমলিন তাদের চার বছর ধরে চলা অভিযানের স্থগিত করার জন্য কোনো ছাড় দিতে রাজি নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, কংগ্রেস ও ডুমার সদস্যদের মধ্যে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রেমলিন এর আগে রুশ আইনপ্রণেতাদের এই সফরের ঘোষণা দিয়ে বলেছিল, এই সফরের উদ্দেশ্য হলো মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি এই প্রাথমিক উদ্যোগগুলো অবশ্যই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নে সহায়ক হবে।’

রাশিয়ার কট্টরপন্থী লিবারেল ডেমোক্র্যাট দলের প্রধান লিওনিদ স্লুতস্কি রুশ প্রতিনিধিদলের তিন সদস্যের নাম জানিয়েছেন। তারা হলেন, সংসদের ডেপুটি স্পিকার বরিস চেরনিশভ এবং সংসদ সদস্য ভ্যাচেস্লাভ নিকোনভ ও স্বেতলানা ঝুরোভা।

রাশিয়ার সংসদের ‘রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট’-এর সকল আইনপ্রণেতা ক্রেমলিনের প্রতি নীতি-নিষ্ঠ এবং ইউক্রেনে চলমান যুদ্ধকে সমর্থন করেন।

পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের ‘প্রধান নির্দেশনা’ নির্ধারণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে তাদের বৈঠকের পর তাকে বিস্তারিত অবহিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।