ইরানের রাজধানী তেহরানে পাকিস্তানি দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) এক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের সব কূটনীতিক নিরাপদ থাকলেও তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত প্রায় ৮টার দিকে তেহরানের পাসদারান এলাকায় দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনের কাছাকাছি এই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, দূতাবাসের বিপরীতে অবস্থিত একটি ইরানি সামরিক ঘাঁটিই হামলার লক্ষ্য ছিল।
একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, বিস্ফোরণের শব্দ জোরালো ছিল, তবে দূতাবাস ও কর্মকর্তাদের বাসভবনের কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, ‘বিস্ফোরণের শব্দ অনেক জোরে ছিল, কিন্তু আমাদের জানালাগুলো ভাঙেনি।’ তবে চলমান অস্থির পরিস্থিতির কারণে কর্মকর্তারা উদ্বিগ্ন রয়েছেন।
সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানি কূটনীতিকরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে পালটা হামলা চালাচ্ছে তেহরানও। চলমান এ যুদ্ধে শত শত মানুষ নিহত হয় এবং সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। এতে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়ে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়ে।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ানের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৪০ জন নারী ও ২১২ জন শিশু রয়েছে।
অন্যদিকে, আল জাজিরা বলছে, ইরানের পালটা হামলায় ইসরাইলেও এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন।
