করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনারা’

editor
মার্চ ২৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বড় অভিযোগ করে বলেছেন, চলমান ইরান-ইসরাইল ও মার্কিন যুদ্ধের মধ্যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোতে অবস্থানরত মার্কিন সামরিক কর্মীরা স্থানীয় নাগরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র সমালোচনা করেন। আরাগচি দাবি করেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন সেনারা জিসিসিভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন হোটেল ও বাণিজ্যিক দপ্তরে আশ্রয় নিয়েছেন, যা ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

ইরানের শীর্ষ এই কূটনীতিক তার পোস্টে মার্কিন সেনাদের হোটেলে অবস্থানের বিভিন্ন সংবাদপত্রের কাটিং ও ছবি যুক্ত করে জানান, যুক্তরাষ্ট্রে অনেক হোটেল কর্তৃপক্ষ তাদের নিয়মিত গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে এমন সামরিক কর্মকর্তাদের বুকিং বাতিল করছে যারা অন্যদের বিপদে ফেলতে পারে।

তিনি পরামর্শ দিয়ে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের হোটেলগুলোরও উচিত নিজেদের নাগরিকদের সুরক্ষায় একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা। আরাগচির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে এক নজিরবিহীন যুদ্ধ শুরু হয়েছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের জবাবে ইরান ইতিমধ্যে অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি, মার্কিন সেনারা ইরানের সম্ভাব্য পাল্টা হামলা থেকে বাঁচতেই সাধারণ মানুষের জনাকীর্ণ স্থানে লুকিয়ে থাকছে।

এই সংঘাতের ফলে ইরানের সামরিক ও বেসামরিক উভয় খাতের অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ইরাকচির এই নতুন অভিযোগ আঞ্চলিক ভূ-রাজনীতিতে এবং জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।