করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাপার থেকে মেয়র, এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র

editor
মার্চ ২৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নেপালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পর প্রথম ১৮ বছরে প্রায় প্রতি বছরই নতুন একজন করে প্রধানমন্ত্রী বদলেছে। এই সময়ে মোট ১৪ জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন, ক্ষমতা হারিয়েছেন, আবার ফিরেও এসেছেন।

তবে চলতি বছরের ৫ মার্চ নতুন এক অধ্যায় শুরু হয়েছে। এক গণঅভ্যুত্থানের শেষে র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ এবং তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নেপাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। আজ তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

আরএসপি মাত্র চার বছর বয়সি একটি দল। বালেন শাহের একমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা হলো কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন। বিশাল জয়ের পর বিশ্লেষকরা বলছেন, বালেন্দ্র শাহ ও তার দলের সামনে রয়েছে যুবাদের প্রত্যাশা পূরণের একটি ঐতিহাসিক সুযোগ, তবে এতে ঝুঁকিও কম নয়।

রাজনৈতিক বিশ্লেষক বিষ্ণু সাপকোটা বলেন, বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা তার জন্য অভূতপূর্ব সুযোগ, কিন্তু সব প্রত্যাশা পূরণ করা বাস্তবসম্মত নয়। নির্বাচনে বালেন শাহ প্রবীণ নেতা কেপি শর্মা অলিকে পরাজিত করেছেন, যেখানে অলির বহু বছর ধরে শক্ত ঘাঁটি এবং অভিজ্ঞতা ছিল। আরএসপি সরাসরি ভোটে ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতে জয় লাভ করেছে এবং আনুমানিক দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

আরএসপি নেতা শিশির খানাল বলেন, এত বড় ম্যান্ডেট মানুষের মধ্যে দ্রুত ফলাফলের প্রত্যাশা তৈরি করবে, যা বাস্তবায়ন করা কঠিন। প্রথম চ্যালেঞ্জ হলো ‘কারকি কমিশন’-এর সুপারিশ বাস্তবায়ন, যা গত বছর আন্দোলনের সময় হত্যাকাণ্ড ও সম্পত্তি ধ্বংসের তদন্ত করেছে।

বিশেষজ্ঞরা বালেন্দ্র শাহ ও আরএসপি প্রতিষ্ঠাতা রবি লামিচানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছেন। লামিচান যদিও আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে জালিয়াতি, সংগঠিত অপরাধ ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরএসপি জানাচ্ছে, সরকার দ্রুত তার কাজ শুরু করবে। প্রথম ১০০ দিনে দুর্নীতিবিরোধী পদক্ষেপ অগ্রাধিকার পাবে, যার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদের তদন্ত অন্তর্ভুক্ত। আন্দোলনের নেত্রী ইউজন রাজভাণ্ডারী বলছেন, সংসদে বিরোধী দল দুর্বল হওয়ায় রাজপথই বিরোধী দলের ভূমিকা পালন করবে।

বালেন্দ্র শাহের কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশ্লেষকরা মনে করছেন, তার রাজনৈতিক পিছুটান না থাকার কারণে নেপাল স্বাধীন কূটনীতি অনুসরণে সুবিধা পাবে। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানিয়েছেন। শাহও ভারতসহ আন্তর্জাতিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন।

প্রফেসর মাল্লা বলেন, এখন বালেনকে গণমাধ্যমের সঙ্গে বেশি সম্পৃক্ত হতে হবে, কারণ একজন জাতীয় নেতা হিসেবে যোগাযোগ ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।