ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।
এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরোপিত যুদ্ধ এখন একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দিতে পারে।
এদিকে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান টেকসই শান্তির পথে এগোতে প্রস্তুত। তবে যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু এতে দেশটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলায় শত শত ইরানি নাগরিক, এমনকি উচ্চপর্যায়ের নেতারাও নিহত হয়েছেন। সাধারণ মানুষের বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতিপূরণের পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার—এই বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাওয়া উচিত।
তথ্যসূত্র: সামা টিভি
