করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না: পোপ

editor
মার্চ ৩০, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যাথলিক খিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না।’

রোববার (২৯ মার্চ) ‘পাম সানডে’ দিনের উপাসনা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পোপ চতুর্দশ লিও। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যে কোনো ধরনের যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন।

এরই মধ্যে বেশ কয়েকবার তিনি গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার প্রথম মার্কিন পোপ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে চলমান সংঘাতের প্রতি নিন্দা জানিয়েছেন।

অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের জন্য প্রার্থনা করেছি। তারা একটি ভয়াবহ সংঘাতের পরিণাম ভোগ করছে এবং অনেক ক্ষেত্রে এই পবিত্র দিনগুলোর সব রীতি পালন করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ঈশ্বরকে নিয়ে কথা বলছি। তিনি সেই ঈশ্বর, যিনি যুদ্ধের বিরুদ্ধাচরণ করেন। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় তিনি সাড়া দেন না।’

চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চালুর আহ্বান জানান পোপ। তিনি দাবি করেন, এই যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যুদ্ধে জড়ানো সকল পক্ষকে আলোচনার টেবিলে বসার অনুরোধও করেন পোপ।

তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ প্রসঙ্গে সতর্ক অবস্থান নেন ৭০ বছর বয়সি পোপ। তিনি এই যুদ্ধের প্রতি নিন্দা জানান ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। কিন্তু কোনো দেশের নাম উল্লেখ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।